ইরাকের দুই শহরের কিছু অংশ জঙ্গিদের দখলে
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গিরা ইরাকের ফালুজা শহরের বেশির ভাগ এলাকা এবং রামাদি শহরের কিছু অংশ দখলে নিয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা ও শহর দুটির বাসিন্দারা এ কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন, ফালুজা শহরের অধিকাংশ এলাকা আইএসআইএলের (আল-কায়েদার সঙ্গে যুক্ত ইরাকি জঙ্গি সংগঠন) দখলে চলে গেছে। বাকি অংশ রয়েছে সশস্ত্র উপজাতীয়দের দখলে।
বাগদাদের পশ্চিম দিকে অবস্থিত ফালুজা শহরের একজন বাসিন্দা বলেন, ফালুজা শহরেরর মধ্যাঞ্চল ও দক্ষিণে নিরাপত্তা চৌকি বসিয়েছে জঙ্গিরা। এসব চৌকির প্রতিটিতে ছয় থেকে সাতজন জঙ্গি সদস্য মোতায়েন রয়েছে।
ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, রামাদি শহরেরও একই অবস্থা। সেখানকার কিছু এলাকা আইএসআইএল নিয়ন্ত্রণে নিয়েছে। বাকি এলাকা নিয়ন্ত্রণ করছে উপজাতীয়রা।
একজন সাংবাদিক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের কয়েকটি ট্রাকে করে রামাদি শহরের পূর্ব দিকে যেতে দেখেছেন। এ সময় ট্রাকগুলোতে আইএসআইএলের প্রশংসাসূচক সংগীত বাজছিল। জঙ্গিদের হাতে ছিল ধর্মীয় কথা লেখা কালো পতাকা।
গত সোমবার থেকে রামাদি শহরে সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গেলে এ সংঘর্ষ বাধে। বুধবার থেমে থেমে সংঘর্ষ চলার সময় রামাদি শহরের চারটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। তবে গতকাল পরিস্থিতি ছিল কিছুটা শান্ত।
রামাদির সংঘর্ষ ফালুজায়ও ছড়িয়ে পড়ে। জঙ্গিদের আক্রমণের মুখে বুধবার সেখানে পুলিশ বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। একপর্যায়ে কয়েকটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী নুরি আল মালিকি মঙ্গলবার বলেন, আনবার প্রদেশের সহিংসতাপূর্ণ শহরগুলো থেকে সেনা বাহিনীকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু পরদিনই আবার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। রামাদি শহরের বাইরে গতকাল সশস্ত্র বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। এএফপি।