ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগর মসুল জঙ্গিদের দখলে
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগর মসুল দখল করে নিয়েছে সুন্নি জঙ্গিগোষ্ঠী জিহাদিস্ট ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিভ্যান্ট (আইএসআইএল)৷ সপ্তাহব্যাপী যুদ্ধের পর জঙ্গিরা মসুলের নিয়ন্ত্রণ নিল। এ সময় সেনাসদস্যরা তাঁদের উর্দি খুলে নিরাপত্তা চৌকিগুলো থেকে পালিয়ে যান। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির৷
নিনেভ প্রদেশের রাজধানী মসুল বাগদাদের সাড়ে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। নগরটি জঙ্গিদের একটি শক্ত ঘাঁটি এবং দেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এলাকা। শহরটিতে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস।
সোমবার রাতে কয়েক শ সশস্ত্র জঙ্গি রকেটচালিত গ্রেনেড, মেশিনগানসহ ভারী অস্ত্র নিয়ে মসুলের প্রধান সরকারি ভবনগুলো দখল করে নেয়। ধ্বংসযজ্ঞ চালায় কয়েকটি থানায়। এ ছাড়া বিমানবন্দর ও সেনাবাহিনীর ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা। চলতি বছর বাগদাদের পশ্চিমাঞ্চলের ফাল্লুজার পর মসুল নগরে সরকার তাদের নিয়ন্ত্রণ হারাল।
এ ঘটনার পর মসুলে জরুরি ভিত্তিতে সরকারি সৈন্য চেয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মসুল তাঁদের হাতছাড়া হয়েছে৷ জঙ্গিরা শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আর সেনাসদস্যরা তাঁদের উর্দি ফেলে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, বন্দুকধারী জঙ্গিরা সুন্নি মুসলিম। তারা লাউড স্পিকারে ঘোষণা দেয়, তারা মসুল ‘মুক্ত’ করতে এসেছে৷ তাদের ওপর যারাই হামলা করবে, তাদের বিরুদ্ধেই তারা যুদ্ধ করবে। কেউ প্রতিরোধ করতে এলে পাল্টা জবাব দেওয়া হবে।
নিনেভ প্রদেশে সামরিক কমান্ডের এক ব্রিগেডিয়ার জেনারেল বলেন, নগরের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিভিন্ন সামরিক ইউনিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর সেনাসদস্যরা নগর ছাড়তে শুরু করেন। জঙ্গিরা এখন মসুল নিয়ন্ত্রণ করছে।
মসুল থেকে একজন সরকারি কর্মকর্তা টেলিফোনে সাংবাদিকদের বলেন, তাঁরা অত্যন্ত শঙ্কার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। তাঁদের রক্ষার জন্য কেউ এখন নেই।
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক নিজেও তাঁর পরিবার-পরিজন নিয়ে মসুল ছেড়েছেন। তিনি বলেন, দোকানপাট বন্ধ রয়েছে। নিরাপত্তা বাহিনী তাদের যানবাহন ছেড়ে পালিয়েছে এবং একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছে।
জঙ্গিরা নিনেভ, আনবার, দিয়ালা, সালেহেদ্দিন ও বাগদাদ প্রদেশে গত বৃহস্পতিবার থেকে ব্যাপক অভিযান চালায়। এ সময় তারা বহু লোককে হত্যা করেছে। এর আগে গত জানুয়ারিতে সরকার ফাল্লুজা নগরের নিয়ন্ত্রণ হারায়।
ইরাকে ২০০৬-২০০৭ সাল থেকে বর্তমানে সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘু সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে হাজার হাজার লোক নিহত হয়। চলতি বছরে এ পর্যন্ত চার হাজার ছয় শতাধিক লোক নিহত হয়েছে।