ইরাকের পার্লামেন্টে মালিকি সরকারের অনুমোদন
ইরাকের পার্লামেন্ট সে দেশের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকার এবং অর্থনীতি উদারীকরণে সহায়ক ৪৩ দফার একটি প্রস্তাব আস্থাভোটের মাধ্যমে অনুমোদন করেছে। গতকাল মঙ্গলবার এ আস্থাভোট অনুষ্ঠিত হয়। আলাদা আরেকটি ভোটের মাধ্যমে মালিকি, তিনজন উপপ্রধানমন্ত্রী এবং ২৯ জন কেবিনেট মন্ত্রীকেও অনুমোদন দেয় পার্লামেন্ট। এর মাধ্যমে নয় মাস ধরে চলা অচলাবস্থার আনুষ্ঠানিক অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মালিকির উপদেষ্টা আলি মুসাবি বলেছেন, মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন এখনো চূড়ান্ত হয়নি। এখনো কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগাভাগি করতে বাকি আছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বার্থের কথা বিবেচনা করে সে অনুযায়ী এসব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, এ মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর উচ্চাকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। এতে সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। গত ৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মূলত শিয়া ও সুন্নি ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শিয়া সম্প্রদায়ের বেশির ভাগ লোক মালিকিকে এবং সুন্নি সম্প্রদায়ের লোকজন সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবিকে সমর্থন দেয়। নির্বাচনে আলাবির দল সামান্য বেশি আসনে এগিয়ে থাকলেও পরে শিয়াপন্থী ছোট দলগুলো মালিকিকে সমর্থন দেয়। ফলে জোটবদ্ধ হয়ে তারা সরকার গঠনে সমর্থ হয়। এএফপি।