ইরাকের বৃহত্তম তেল শোধনাগার জঙ্গিদের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদাদের অদূরে বাইজি শহরে সুন্নি জঙ্গিদের টহল- এএফপি
বাগদাদের অদূরে বাইজি শহরে সুন্নি জঙ্গিদের টহল- এএফপি

ইরাকের রাজধানী বাগদাদের অদূরে অবস্থিত দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারে ঢুকে পড়েছে সুন্নি জঙ্গিরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বাইজি রিফাইনারি নামের ওই শোধনাগারটি জঙ্গিরা প্রথমে দখলে নিলেও পরে সেখান থেকে সেনাবাহিনী তাদের হটিয়ে দিয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে শোধনাগারের এক কর্মকর্তা জানান, শোধনাগারটির ৭৫ শতাংশ জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, সামরিক বাহিনী সূত্র দাবি করেছে, ৪০ জঙ্গিকে হত্যা করা হয়েছে। জঙ্গিদের দমনে ইরাক সরকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে বলে জানা গেছে।


আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে বলা হয়, রাজধানী বাগদাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবা শহরে অবস্থান করছে সুন্নি জঙ্গিরা। গুরুত্বপূর্ণ এই শহরটির কয়েকটি অংশ ইতিমধ্যে তাদের দখলে চলে গেছে।

পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে ইসলামপন্থী জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, জঙ্গি হামলা মোকাবিলায় ইরাকের জনগণ আবারও ঐক্যবদ্ধ হয়েছে।

বাগদাদের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তায় ৩০০ সেনাসদস্যের একটি দল ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে জঙ্গিদের প্রতিরোধ করতে ব্যর্থতার অভিযোগে দেশটির চারজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি।