ইরান আক্রমণের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইরানে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের ব্যাপারে গত বুধবার সতর্কবাণী উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, এমন পদক্ষেপ এক ‘ভয়াবহ অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি করবে, যা আফগানিস্তান ও ইরাকে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে।আগামী সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠেয় পূর্বপরিকল্পিত বৈঠকের আগে ওয়াশিংটন এই সতর্কতা উচ্চারণ করল। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক ব্যবস্থা ওই অঞ্চলে অধিকতর অস্থিতিশীল পরিস্থিতির হুমকি সৃষ্টি করবে।’বিশ্লেষকদের অভিমত, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে মিশ্র বার্তা দিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই হোয়াইট হাউস এ প্রতিক্রিয়া ব্যক্ত করল।এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কারনি বলেন, ‘ইরানের সঙ্গে আফগানিস্তান ও ইরাক—উভয় দেশের সীমান্ত রয়েছে; ইরাকে আমাদের বেসামরিক কর্মী এবং আফগানিস্তানে সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক কর্মীরাও রয়েছেন।’ তিনি আরও বলেন, এ ছাড়া ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে—যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো অকাট্য প্রমাণও নেই।বিশ্লেষকেরা বলেন, ইরানের পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর তদারকিসহ অন্যান্য রাজনৈতিক পন্থায় এ সংকটের সমাধানে আগ্রহী ওবামা প্রশাসন। এ পন্থার অংশ হিসেবে কারনি বলেন, ‘তেহরানের ওপর আমরা (কূটনৈতিক) চাপ অব্যাহত রেখেছি। কিন্তু আমি মনে করি, এটিও স্মরণ রাখা গুরুত্বপূর্ণ যে এই অব্যাহত চাপ সত্ত্বেও ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’ এএফপি।