ইরান ইস্যুতে বিভক্ত ইসরায়েল, যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক গবেষণা কার্যক্রম নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আজ বুধবার দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। রয়টার্স বলছে, ইসরায়েলি কর্মকর্তারা চান ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হোক। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় সামরিক বল প্রয়োগ না করে শান্তিপূর্ণ উপায়ে ইরানের পারমাণবিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হোক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাহ্যত ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা শুরু করলেও পরে তা কার্যত ইরান বিষয়ক আলোচনাতে পরিণত হয়।
নেতানিয়াহু প্রতিবেদকদের বলেন, ‘ইরান কিছুতেই পারমাণবিক শক্তিধর হতে পারে না। অর্থাৎ দেশটির পারমাণবিক বোমা তৈরির উপকরণ সেনট্রিফিউজ ও ভারী পানি তৈরি সামর্থ্য থাকতে পারে না।’
ইরানের পারমাণবিক গবেষণাকে ওই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তুলে ধরে নেতানিয়াহু বলেন, ‘ওদের সব ফিসাইল উপকরণ ছাড়তে হবে, পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে। কারণ এসবের উদ্দেশ্য একটাই—সামরিক কার্যক্রম।’ তবে ইরান বারবার দাবি করে এসেছে তার পারমাণবিক গবেষণা কার্যক্রমের উদ্দেশ্য বিদ্যুৎ ও ওষুধ তৈরি মতো শান্তিপূর্ণ কাজ চালানো।
জন কেরি বলেন, ইরানের কার্যক্রম যে শান্তিপূর্ণ তা দেশটিকে প্রমাণ করতে হবে এবং সে কাজের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই কূটনৈতিক পদক্ষেপ নেব। তবে আমাদের চোখ থাকবে খোলা। আমরা সজাগ থাকব যেন ইরান অন্যসব পারমাণবিক শক্তিধর দেশগুলোর মতো মান বজায় রাখে। দেশটির গবেষণা যেন শান্তিপূর্ণ কাজে ব্যবহূত হয়, তা দেখতে হবে।’
পারমাণবিক গবেষণা নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে গত সপ্তাহে জার্মানি, চীন, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ষড়শক্তির সঙ্গে বৈঠক করে ইরান। আসছে মাসের শুরুতে আবারও বৈঠকে বসবে ইরান।