ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, আমরা এখন ‘পরমাণু শক্তিধর দেশ’। ইরান কিছু পরিমাণ ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে এবং আমরা এটা ৮০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতেও সক্ষম। প্রথম প্যাকেজে করা সমৃদ্ধ ইউরেনিয়াম তেহরানের গবেষণাগারেও সরবরাহ করা হয়েছে। তবে আমরা ওই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানাব না। এটা ব্যবহার করা হবে শান্তিপূর্ণ উপায়েবিদ্যুত্ ও জ্বালানি উত্পাদনে।দেশে ইসলামি বিপ্লবের ৩১তম বার্ষিকী উপলক্ষে তেহরানে গতকাল বৃহস্পতিবার সমবেত হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। একই দিন তেহরানে বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।মাহমুদ আহমাদিনেজাদ তাঁর ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ওবামা ‘সুযোগ নষ্ট করেছেন’। তিনি এখন ইসরায়েলের স্বার্থে কাজ করছেন। হামলা হলে প্রতিরোধ: প্রেসিডেন্ট আহমাদিনেজাদ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি কোনো ধরনের সামরিক হামলা শুরু করে, তবে তা প্রতিরোধ করা হবে। বুধবার রাতে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার ইরানের সরকারি প্রচারমাধ্যম আইআরআইবি এ কথা জানায়।ইরানের আঞ্চলিক মিত্র সিরিয়া গত সপ্তাহে অভিযোগ করেছে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। গত বুধবার লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি এক সাক্ষাত্কারে বলেছেন, ইসরায়েলের জঙ্গি বিমানগুলো প্রতিদিন লেবাননের আকাশসীমায় ঢুকে পড়ছে। এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।২০০৬ ও ২০০৯ সালের সংঘর্ষের কথা উল্লেখ করে আহমাদিনেজাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বলেন, ‘আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর আছে যে ইসরায়েল সরকার গাজার জনগণ ও লেবাননে হিজবুল্লাহর কাছে পরাজিত হওয়ার পর প্রতিশোধের পথ খুঁজছে।’ তিনি বলেন, ইহুদিরা যদি নতুন করে একই ভুলের পুনরাবৃত্তি করে এবং সামরিক হামলার উদ্যোগ নেয়, তবে পুরো শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। পুলিশ-বিরোধী সংঘর্ষ: অসমর্থিত সূত্রে জানা গেছে, তেহরান ও তিবরিজে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিরোধী সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন। পুলিশ-সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।মাইক্রো-ব্লগিং সাইট টুইটার ও বিরোধী সমর্থিত ওয়েবসাইট জারাস জানায়, বিরোধী নেতা মেহেদি কাররৌবির সমর্থকেরা তেহরানের সাদেকিয়া স্ট্রিটে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। কাররৌবির ছেলে বলেন, সরকারি বাশিজ মিলিশিয়া গোষ্ঠী তাঁর দেহরক্ষীদের ওপর হামলা চালায়। সংস্কারপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও মেহেদি কাররৌবির ওপরও হামলা হয়েছে বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কাররৌবির ছেলে হুসেইন বলেন, পুলিশ ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা নেতাদের গাড়ির ওপর হামলা চালিয়েছেন। তবে এতে কেউ আহত হয়নি। কাররৌবির অপর ছেলে আলিকে গ্রেপ্তার করা হয়েছে।অন্য সূত্রগুলো জানায়, মির হোসেন মৌসাভির সমর্থকদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইন্টারনেট ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিবিসি, এএফপি ও রয়টার্স অনলাইন।