ইরান ও ছয় পরাশক্তি ১৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে বসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদের মধ্যেই আগামী ১৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে আলোচনায় বসবে ইরান ও ছয় বিশ্ব পরাশক্তি। সেখানে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের ব্যাপারে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিভাগের প্রধান মিখাইল উলিয়ানভের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল শুক্রবার বলেছে, ‘নিউইয়র্কে ১৮ ফেব্রুয়ারি রাজনৈতিক নেতাদের মধ্যে পরবর্তী আলোচনার ব্যাপারে সমঝোতা হয়েছে।’
পরমাণু কর্মসূচি হ্রাস করতে ইরানকে রাজি করাতে কয়েক বছর ধরে আলোচনা করে আসছে ছয় পরাশক্তি। গত ২৪ নভেম্বর ছয় পরাশক্তি ও ইরানের মধ্যে ছয় মাসের একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হয়। রয়টার্স।