টেলিভিশন সাক্ষাৎকারে ফিদেল কাস্ত্রো
ইরান ও পাশ্চাত্যের দ্বন্দ্ব বিশ্বকে পরমাণুযুদ্ধের দিকে ঠেলে দেবে
ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর মুখোমুখি অবস্থান বিশ্বকে পরমাণুযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। প্রায় এক বছরের মধ্যে এই প্রথম কাস্ত্রোকে টেলিভিশনে দেখা গেল। কাস্ত্রো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একে কেন্দ্র করেই পরমাণুযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, ‘আমার ধারণা, যুদ্ধের আশঙ্কা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগুন নিয়ে খেলছে।’ ইরানে হামলা চালালে তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও সতর্ক করে দেন ফিদেল কাস্ত্রো। তিনি বলেন, ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরাক যুদ্ধে তাদের সেই প্রতিরোধের মুখে পড়তে হয়নি। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে সাম্প্রতিক ঘটনা নিয়ে আয়োজিত ‘রাউন্ড টেবিল’ নামের একটি টক শোতে ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎকার গত সোমবার প্রচারিত হয়। এতে ৮৩ বছর বয়সী কাস্ত্রোকে বেশ সুস্থ দেখা গেছে। তবে তিনি ধীরে ধীরে কথা বলছিলেন। এ সময় কাস্ত্রো গাঢ় নীল রঙের ট্র্যাক স্যুট ও শার্ট পরা ছিলেন। তাঁর পাশে তিনজন শিক্ষাবিদকেও দেখা গেছে। তবে সাক্ষাৎকারটি কোথায় ধারণ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। সাক্ষাৎকারে কাস্ত্রো পীতসাগরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ‘চেওনান’ ডুবে যাওয়ার বিষয়েও কথা বলেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ওই জাহাজ ডুবিয়ে দিয়ে এর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করছে। তবে ক্যাথলিক চার্চের সঙ্গে চুক্তির আওতায় ৫২ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।২০০৬ সালে কাস্ত্রোর শরীরে অস্ত্রোপচার করা হয়। ওই সময় তিনি সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন তাঁর ভাই রাউল কাস্ত্রোর হাতে। তবে পরে আর ক্ষমতা গ্রহণ করেননি তিনি। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন কাস্ত্রো। পরে জাতীয় পরিষদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন রাউল কাস্ত্রো। এরপর থেকেই ফিদেল কাস্ত্রোর জনসমক্ষে আসা বন্ধ হয়ে যায়। গত বুধবার তিনি হাভানায় জাতীয় বিজ্ঞান কেন্দ্র ‘ন্যাশনাল সেন্টার অব সায়েন্টিফিক ইনভেস্টিগেশন’ পরিদর্শন করেন। চার বছরের মধ্যে ওই প্রথম তিনি জনসমক্ষে আসেন। তাঁর এ পরিদর্শনের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। কাস্ত্রোর বিজ্ঞান কেন্দ্র পরিদর্শনের কয়েকটি চিত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেন তাঁর ছেলে অ্যালেক্স। এ ছাড়া কেন্দ্রের একজন কর্মী গোপনে মুঠোফোনে চারটি ছবি তুলেছেন। তিনি সেগুলো দুজন সাংবাদিকের ব্লগের মাধ্যমে প্রকাশ করেন। ধারণা করা হয়, বিজ্ঞান কেন্দ্র পরিদর্শনের দিন সাক্ষাৎকারটি ধারণ করা হয়। সাত রাজনৈতিক বন্দী হাভানা ছেড়েছেন: ক্যাথলিক চার্চের সঙ্গে চুক্তির আওতায় মুক্তি পাওয়া সাতজন রাজনৈতিক বন্দী গতকাল মঙ্গলবার স্পেনের উদ্দেশ্যে হাভানা ছেড়েছেন। চুক্তি অনুযায়ী ৫২ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার কথা। এদের মধ্যে কতজন স্পেন যাবেন তা নিশ্চিত করেনি কিউবা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা যেকোনো দেশে যেতে পারেন।ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও চিলি ওই বন্দীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিউবার কমিশন অন হিউম্যান রাইটস অ্যান্ড ন্যাশনাল রিকন্সিলিয়েশন (সিসিএইচ-আরএনআর) অ্যালিজার্দো সানজে জানান, এই ৫২ জনের মধ্যে তিনজন কিউবায় থাকতে চেয়েছেন। কিউবায় ২০০৩ সালে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি হাভানা ও ক্যাথলিক চার্চের মধ্যে সম্পাদিত এক চুক্তির আওতায় ৫২ জনকে মুক্তি দেওয়া হচ্ছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।