ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলো আরও আলোচনায় বসতে সম্মত
পরমাণু কর্মসূচির ইস্যুতে ইরানের ওপর অবরোধ আরোপের এক বছর পর বিশ্বের ছয় পরাশক্তি আবার তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে। বৈঠকে তেহরানের পরমাণু কর্মসূচির বিষয়ে অধিকতর আলোচনার জন্য আগামী ২৩ মে ইরাকের রাজধানী বাগদাদে বৈঠকে বসার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।গত শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইরানের প্রধান মধ্যস্থতাকারী সাইদ জলিলি ও পশ্চিমা কূটনৈতিকদের ওই আলোচনা শুরু হয়। তবে পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, এই আশঙ্কা দূর করতে তেহরানকে উপযুক্ত প্রমাণ দিতে হবে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন বলেন, ইস্তাম্বুলের আলোচনা ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ হয়েছে। সাইদ জলিলি সতর্ক করে দিয়ে বলেছেন, বাগদাদের আলোচনাকে অবশ্যই ‘বাস্তবসম্মত উপায়ে এগিয়ে নিতে হবে।’ একই সঙ্গে তিনি ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়াসহ দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ—এই স্বীকৃতি দেওয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান।কয়েক মাসের উত্তেজনা শেষে বিশ্বের ছয় পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইস্তাম্বুলে ইরানের সঙ্গে বৈঠকে অংশ নেয়। এক বছরের মধ্যে দুই পক্ষের মধ্যে এ ধরনের বৈঠক এটাই প্রথম। তেহরান বেসামরিক পরমাণু কর্মসূচির নামে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে অভিযোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর চারবার অবরোধ আরোপ করে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।ইস্তাম্বুলের বৈঠকে ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গির’ বিষয়টি হোয়াইট হাউস স্বাগত জানিয়েছে। তবে মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস তেহরানকে অবশ্যই ‘বাস্তবসম্মত পদক্ষেপ’ নিতে হবে মর্মে ওয়াশিংটনের আহ্বানকে আবার মনে করিয়ে দেন। এএফপি ও রয়টার্স।