ইরান থেকে তেল আমদানি আরও কমাবে জাপান
ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে এবার জাপানকে পাশে পেয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার জাপান জানিয়েছে, ইরান থেকে তারা তেল আমদানি আরও কমাবে।গতকাল মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি বলেন, ‘গত ৫ বছরে আমরা ইরান থেকে আমদানি করা তেলের পরিমাণ কমিয়ে এনেছি। আশা করছি, পরিকল্পিত ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তেল আমদানি বন্ধ করা সম্ভব হবে। বর্তমানে আমাদের মোট তেল আমদানির মাত্র ১০ শতাংশ ইরান থেকে আসে।’এর আগে মার্কিন অর্থমন্ত্রী একই লক্ষ্যে বেইজিং সফর করলেও সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। ইরানকে একঘরে করে রাখতে যুক্তরাষ্ট্রের চাপে নিজেদের অর্থনৈতিক অধিকার প্রয়োগে চীন অস্বীকৃতি জানিয়েছে।জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি বলেন, ‘পারমাণবিক সমস্যা এমন এক জটিল বিষয়, যা বিশ্ব উপেক্ষা করতে পারে না। শুধু এ কারণেই আমরা যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপকে সমর্থন করছি।’ এএফপি।