ইরান থেকে তেল আমদানি কমাতে যাচ্ছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা চলতি বছর ইরান থেকে অপরিশোধিত তেলের আমদানি কমপক্ষে ১০ শতাংশ কমাবে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে গৃহীত নীতির অংশ হিসেবে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার কলম্বোর একজন সরকারি কর্মকর্তা এ কথা জানান। পর্যবেক্ষকদের মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সংকটের মুখে ভারত মহাসাগরীয় এই দ্বীপ দেশটি। যদিও বিশ্বের অশোধিত তেলের বাজারে তাদের ভূমিকা খুবই সামান্য। কেননা, দেশটির তেল শোধনাগারে প্রধানত ইরান ও উল্লেখযোগ্য নয় এমন কয়েকটি দেশের কাছ থেকে আমদানি করা তেলই কেবল প্রক্রিয়াজাত করা হয়ে থাকে। বিদেশ থেকে তেল আমদানির বিনিময়ে পরিশোধেয় অর্থসংকট কাটাতে ২০০৭ সালের পর শ্রীলঙ্কা প্রথমবারের মতো গত মাসে সুদের হার বৃদ্ধি করেছে। এতে রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানির দাম ৩৭ শতাংশ বেড়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার এক কর্মকর্তা বলেন, ‘গৃহীত নতুন নীতির কারণে ইরান থেকে তেল আমদানি কমবে বলে আমরা নিশ্চিত। এই কমের পরিমাণ অন্ততপক্ষে ১০ শতাংশ হবে।’ওই কর্মকর্তা আরও বলেন, তেল আমদানি হ্রাসের কারণে শ্রীলঙ্কা এমন একটি অবস্থানে পৌঁছাবে, যেখান থেকে ভারত, চীন ও জাপানের মতো তারাও তেহরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে এনেছে—(যুক্তরাষ্ট্রকে) এমন যুক্তি দেখানো সম্ভব হবে। রয়টার্স।