ইরান থেকে তেল আমদানি কমাবে না ভারত: প্রণব মুখার্জি
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি কমাবে না ভারত। দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গত রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোতে এ কথা বলেছেন।ভারতে মার্কিন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্র সফর করেন প্রণব মুখার্জি। সফরের শেষ পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ইরানের তেল ছাড়া চলতে পারবে না ভারত।যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরান থেকে তেল আমদানি কমানোর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণব মুখার্জি বলেন, ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেওয়ার ব্যাপারে আকস্মিক কোনো সিদ্ধান্ত নেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। কারণ, উদীয়মান অর্থনীতির দেশটির চাহিদা অনুযায়ী তেল সরবরাহকারী দেশগুলোর মধ্যে ইরান অন্যতম গুরুত্বপূর্ণ। ভারতের মোট চাহিদার ১২ শতাংশ তেল ইরান থেকে আমদানি করা হয়।ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের তেলের সবচেয়ে বড় বাজার এশিয়া। ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র। এশিয়ার বিভিন্ন দেশ যাতে ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেয় সেই লক্ষ্যেই তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন। এদিকে, ইইউ চলতি মাসে ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ করছে ওয়াশিংটন ও তার মিত্ররা। তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে তেহরান দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।ভারতীয় অর্থমন্ত্রী বলেন, তাঁর দেশে উচ্চ প্রবৃদ্ধির হার ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউরোপের ঋণসংকটসহ উন্নত দেশগুলোর অর্থনৈতিক সংকটের প্রভাবে চলতি বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত শতাংশে নেমে যায়। গত বছর প্রবৃদ্ধি ছিল আট দশমিক পাঁচ শতাংশ। রয়টার্স।