ভারতের সর্ববৃহৎ জাহাজ কোম্পানি ইরান থেকে অপরিশোধিত তেলের চালান বাতিল করতে বাধ্য হয়েছে। প্রতিষ্ঠানটির ইউরোপীয় বিমাকারক বিমা দিতে অপারগতা প্রকাশ করায় তেলের চালানটি বাতিল করা হয়।গত জানুয়ারিতে তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপের বিমাকারক প্রতিষ্ঠানগুলো ইরানি জ্বালানি ও তেলবাহী বিশ্বের যেকোনো দেশের জাহাজকে বিমা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।সৌদি আরবের পর ইরান থেকে ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করে। ভারতের বার্ষিক তেলের চাহিদার প্রায় ১২ শতাংশ পূরণ করে ইরান, যার আর্থিক মূল্য প্রায় এক হাজার ১০০ কোটি মার্কিন ডলার। ইরান থেকে অপরিশোধিত তেলের চালান আনতে গত মধ্য ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত জাহাজ পরিবহন সংস্থা শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার তেলবাহী জাহাজ মহারাজা আগ্রাসেনকে প্রাথমিকভাবে ভাড়া করে তেল শোধনাগার প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন।ভাড়া-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ পরিবহন সূত্র জানায়, ভারতীয় ওই তেলবাহী জাহাজের বিমাকারক দ্য ইউরোপিয়ান মিউচুয়াল প্রোটেকশন অ্যান্ড ইনডেমনিটি ক্লাব ২৩ জানুয়ারির আগে সই হওয়া চুক্তির আওতায় আগামী ১ জুলাই পর্যন্ত চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে পর্যায়ক্রমিক বিমা সুবিধা দিতে সম্মত হয়। তবে ২৩ জানুয়ারির পর সম্পাদিত চুক্তির আওতায় কোনো জাহাজকে এ সুবিধা দিতে অপারগতা প্রকাশ করে। ভারতের শিপিং করপোরেশন এই সূচি থেকে বাদ পড়লে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই বিমা সুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়। রয়টার্স।