ইরান থেকে বিদ্যুৎ কিনবে পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল রোববার বলেছেন, তাঁর দেশ ইরান থেকে এক হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে। চীনের বোয়াওয়ে ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ মোহাম্মাদিজাদেহর সঙ্গে এক বৈঠকে গিলানি এ কথা জানান। তিনি বলেন, ইরান থেকে বেলুচিস্তানে যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তা পাকিস্তানের বিদ্যুৎ-সংকট কাটাতে সাহায্য করেছে। গিলানি বলেন, পাকিস্তান তাঁর সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায়। সবারই উচিত, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা।পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, জুন্দুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে ইসলামাবাদ। তিনি বলেন, ইরান থেকে তেল, গ্যাস ও বিদ্যুৎ কিনতে আগ্রহী পাকিস্তান। মোহাম্মাদিজাদেহ বলেন, ইরান ও পাকিস্তান শত বছরের পুরোনো সংস্কৃতিতে আবদ্ধ। তিনি উভয় দেশের সমৃদ্ধ ভবিষ্যতের ব্যাপারেও আশাবাদী। ডন।