ইরান নিয়ে আলোচনায় কেরি ও লাভরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় তেহরানের সঙ্গে ছয়টি দেশের আলোচনায় যোগ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, তেহরানের সঙ্গে ছয় জাতির আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শুক্রবার জানায়, জেনেভা যাচ্ছেন কেরি। গতকালই তাঁর যাওয়ার কথা। রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ইতিমধ্যে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে পৌঁছেছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই এ আলোচনায় অংশ নিতে আজ জেনেভা যাচ্ছেন। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদেরও এ আলোচনায় যোগ দেওয়ার কথা।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় তেহরানের সঙ্গে ছয়টি দেশের আলোচনায় একটি অন্তর্বর্তী সমঝোতা হতে পারে। এটা হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের বিনিময়ে তার ওপর আরোপিত আন্তর্জাতিক ও মার্কিন কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

গত বুধবার শুরু হওয়া ওই আলোচনা গতকাল শুক্রবারই শেষ হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহের শেষ পর্যন্ত চলতে পারে বলে আভাস পাওয়া গেছে।

জেনেভা আলোচনায় ছয় জাতির মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। এই ছয় জাতির পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন। ইরানের পক্ষে আলোচনায় প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

প্রেসিডেন্ট ওবামা অপেক্ষা করতে বললেও মার্কিন আইনপ্রণেতারা ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ-সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করছেন। জেনেভা আলোচনায় কোনো সমঝোতা না হলে ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা।