ইরান নিয়ে ওবামার সঙ্গে নেতানিয়াহুর দ্বন্দ্ব চরমে
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গতকাল সোমবার ওয়াশিংটনে স্থানীয় সময় সকালে বৈঠক হওয়ার কথা। উভয় নেতাই প্রকাশ্যে ইরান সমস্যা সমাধানে অভিন্ন পথ খুঁজে বের করার বুলি আওড়ালেও ভেতরে ভেতরে তাঁদের মধ্যে রয়েছে ব্যাপক মতভেদ। এ মন্তব্য মার্কিন প্রশাসনের কর্মকর্তা, ভাষ্যকার ও বিশ্লেষকদের। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি রোধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে ওবামা ও নেতানিয়াহুর মধ্যে বেশ মতভেদ রয়েছে। গতকালের বৈঠকে তাঁদের এই মনোভাবের কতটা পরিবর্তন হবে, এ নিয়ে সংশয় রয়েছে।এই বৈঠকের আগেই ওবামা প্রশাসন অবশ্য ইরান বিষয়ে সব সমস্যা মার্কিন পন্থায় সমাধানের ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে। তবে ইরান তাদের কর্মসূচিতে সীমা লঙ্ঘন করার মতো পর্যায়ে পৌঁছালে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এ নিয়ে উভয়ের চিন্তাভাবনার মধ্যে অনেক ফারাক রয়েছে। ঠিক কখন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা অপরিহার্য হয়ে উঠবে, এ ব্যাপারে আজও দুই নেতা ঐকমত্যে পৌঁছাতে পারেননি। ওবামা চান, ইসরায়েল পরমাণু স্থাপনার ওপর একতরফা হামলা পরিকল্পনা থেকে বিরত থাকুক ইসরায়েল। কারণ, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক প্রচেষ্টা এখনো কাজ করছে। তবে গত রোববার আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে ওবামা বলেন, ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সর্বশক্তিতে সামরিক কৌশল প্রয়োগ করবে। এআইপিএসি যুক্তরাষ্ট্রের ওপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী ইসরায়েলি লবি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলি নেতারা তাঁদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে থাকেন। আত্মরক্ষার তাগিদে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাঁদের অধিকার হিসেবে বর্ণনা করেন। ইসরায়েলি নেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে ইরানকে আটকাতে হবে। আর ইরানের পরমাণু স্থাপনায় একটি কার্যকর ইসরায়েলি সামরিক হামলার সময় ফুরিয়ে যাচ্ছে। কারণ, তেহরান তার পরমাণু প্রকল্প মাটির গভীরে সরিয়ে নিচ্ছে।ওবামা প্রশাসনের একটি ঘনিষ্ঠ সূত্রের মতে, ওবামা-নেতানিয়াহুর বৈঠকে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির বিষয়ে উভয় দেশের গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হবে। এর পরও ইরানে সম্ভাব্য হামলার সময়সীমা নিয়ে উভয় নেতার মধ্যে যে মতভেদ, এতে সেতুবন্ধন রচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে—এমনটি ভাবার কোনো যুক্তি নেই। সূত্রটির মতে, ইরান বিষয়ে দুই নেতা ভিন্ন দুটি সময়সীমা নিয়ে এগোচ্ছেন।ইসরায়েলি পক্ষের দৃঢ় বিশ্বাস, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। চূড়ান্ত অস্ত্র তৈরির আগে এখন তারা প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছে। কাজ শুরু করলে কয়েক মাসের মধ্যে তারা অপরিণত বোমা তৈরি করে ফেলবে, যদিও মোতায়েনযোগ্য একটি পারমাণবিক ‘ওয়ারহেড’ পাঁচ বছরের আগে তৈরিতে সক্ষম নাও হতে পারে।মার্কিন কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাদের মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে— এমন জোরালো কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই। রয়টার্স ও এএফপি।