ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। পরিমাণে কম হলেও তাদের হাতে ইতিমধ্যেই উচ্চমাত্রার ইউরেনিয়াম চলে এসেছে। এখন ক্ষেপণাস্ত্রে পরমাণু যুদ্ধাস্ত্র স্থাপন করা তাদের জন্য কঠিন হবে না। গত সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের হাতে আসা আইএইএর একটি গোপন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইতিমধ্যে কমপক্ষে ২২ কিলোগ্রাম উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। এই ২২ কিলোগ্রাম ইউরেনিয়াম ২০ শতাংশ পরিশুদ্ধ। বিশেষজ্ঞরা বলেছেন, ইরান ইউরেনিয়াম পরিশোধনের কঠিনতম কারিগরি স্তর অতিক্রম করতে সক্ষম হয়েছে। তাঁদের হাতে বর্তমানে যে পরিমাণ এবং যে মাত্রার পরিশুদ্ধ ইউরেনিয়াম আছে, তা দিয়ে এখনই একটি যুদ্ধাস্ত্র সক্রিয় করা সম্ভব। তাঁরা বলেছেন, পরমাণু বোমা তৈরির জন্য ইরানকে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা কমপক্ষে ৯০ শতাংশে উন্নীত করতে হবে। তাঁদের মতে, পরিশোধনের কঠিনতম কারিগরি স্তর অতিক্রম করার কারণে ইরানের পক্ষে সে লক্ষ্য অর্জন করা এখন আর কঠিন হবে না।আইএইএর ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছেন, পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের আরও কমপক্ষে এক বছর সময় লাগবে। আইএইএর প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, নিরাপত্তা পরিষদের নতুন অবরোধ সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া আইএইএর কয়েকজন পরিদর্শকের ব্যাপারে আপত্তি দিয়ে তেহরান তাদের পরমাণু কার্যক্রম পরিদর্শনের কাজ বাধাগ্রস্ত করছে। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চলতি বছরের শুরুতে ইরান ওই পরিদর্শক দলের দুই সদস্যকে তার ভূখণ্ডে ঢুকতে দেয়নি।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাশত বলেন, অতীতের রেকর্ড বিবেচনায় নিয়ে তাঁরা পরিদর্শক বদলানোর দাবি তুলতেই পারেন। সে অধিকার তাঁদের রয়েছে। এ ছাড়া ইরানের পরমাণু প্রধান আলি আকবর সালেহি বলেছেন, পরমাণু স্থাপনা পরিদর্শন করে বাস্তবতার সঙ্গে সংগতিহীন ও অসত্য তথ্য দেওয়ার জন্য ওই দুজন পরিদর্শককে তাঁরা ইরানে ঢোকার অনুমতি দেননি। সালেহি বলেন, নিষিদ্ধ দুই পরিদর্শকের বদলে আইএইএ অপর যে দুজনের নাম প্রস্তাব করেছে, তেহরান তাদের ব্যাপারে আপত্তি জানায়নি। আইএইএর একজন কর্মকর্তা বলেছেন, ইরান পরিদর্শকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। অনেক কূটনীতিক তাঁদের ইরান থেকে বের করে দেওয়ার আশঙ্কাও করছেন।গণমাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়া গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গত মে থেকে আগস্ট পর্যন্ত ইরান তার স্বল্পমাত্রার ইউরেনিয়ামের মজুদ ১৫ শতাংশ বাড়িয়েছে। বর্তমানে এ মজুদের পরিমাণ ২ দশমিক ৮ টন। এএফপি ও বিবিসি অনলাইন।