ইরান পারমাণবিক অস্ত্র চাইলে ঠেকানো যাবে না: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, তাঁর দেশের পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো অভিপ্রায় নেই। তবে তা করতে চাইলে বিশ্বের কোনো শক্তিই তাদের বাধা দিতে পারবে না। খামেনির নিজস্ব ওয়েবসাইট leadeৎ.iৎ-এ গতকাল শনিবার এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।খামেনি বলেন, ‘আমরা বিশ্বাস করি পারমাণবিক অস্ত্র অবশ্যই নির্মূল করতে হবে এবং আমরাও তা তৈরি করতে চাই না। তবে এটা যদি আমরা বিশ্বাস না করতাম এবং পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতাম তবে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারত না কোনো শক্তিই।’যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলে আসছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার ইরানকে স্বীকার করে নিতে আহ্বান জানান যে পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিলতা ‘কূটনৈতিক উপায়ে নিরসনের এটাই সময়’। তিনি আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র পেতে তাদের (ইরান) নিবৃত করতে যা করার তা-ই আমরা করব।’ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিলতা অবসানের লক্ষ্যে শিগহিরই বড় ধরনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান এবং বিশ্বের ছয় বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির মধ্যে এই বৈঠক হবে। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের রাশ টেনে ধরার চেষ্টা করা হবে। ওই বৈঠকের মাত্র দুই সপ্তাহেরও কম সময় আগে খামেনির ওই মন্তব্য এল। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার খামেনির হাতে রয়েছে। তবে এই অস্ত্র তৈরিকে ধর্মীয়ভাবে ‘পাপ’ হিসেবে দেখা হয় বলে তিনি বিভিন্ন সময় ঘোষণা দিয়েছেন। এএফপি ও রয়টার্স।