ইরান পিছিয়েছে: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো গতকাল সোমবার ইরানে গেছেন। দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এদিকে আবুধাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তেহরান পিছিয়ে যাওয়ায় জেনেভায় কোনো চুক্তি হয়নি। জেনেভায় ইরানের সঙ্গে ছয় জাতির আলোচনা শেষ হওয়ার পরদিনই তেহরানে গেলেন আমানো। জেনেভায় তিন দিনের আলোচনা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরাই গত রোববার বলেন, ভালো অগ্রগতি হয়েছে, তবে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দুই পক্ষ ২০ নভেম্বর আবার আলোচনায় বসার কথা। অস্ট্রিয়ার ভিয়েনায় নিযুক্ত পশ্চিমা একজন কূটনীতিক বলেন, আমানোর ইরান সফরের একমাত্র কারণ হলো তেহরানের সঙ্গে ছয় জাতির একটি চুক্তির বিষয়ে ‘আস্থার পরিবেশ সৃষ্টি করা’। কেরি আবুধাবিতে বলেন, জেনেভায় ছয় জাতির সঙ্গে ইরানের আলোচনায় তেহরানই চুক্তি থেকে পিছিয়ে গেছে। গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স শক্ত কিছু শর্ত দেওয়ার কারণে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি। কেরি বলেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সমঝোতার বিষয়ে রাজি হয়। কিন্তু ইরানই পিছিয়ে গেছে। এএফপি ও রয়টার্স।