ইরান পরমাণু কর্মসূচি আরও জোরদার করেছে। এ জন্য মাটির নিচে পরমাণু কর্মসূচি চালাতে পারে দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক ভিয়েনাভিত্তিক একজন কূটনীতিক এ কথা জানিয়েছেন।ওই কূটনীতিক বলেন, ইরান সরকার কোম শহরের কাছাকাছি কোনো স্থানে মাটির নিচে পরমাণু কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে। সেখানে মাটির নিচের সুরক্ষিত স্থাপনায় কয়েক হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।ভিয়েনাভিত্তিক কূটনীতিক জানান, ইরান এমনভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে, যাতে একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা যায়।তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আইএইএর পর্যবেক্ষকদের ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য এ সপ্তাহে তেহরান সফরের কথা রয়েছে।ইরান বরাবরই বলে আসছে, শান্তিপূর্ণ ব্যবহারের জন্যই দেশটি পারমাণবিক কর্মসূচির উন্নতি ঘটাচ্ছে। কিন্তু ইরানের এ বক্তব্য মানতে নারাজ পশ্চিমা বিশ্ব। পশ্চিমাদের আশঙ্কা, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে।কূটনীতিক জানান, নতুন সেন্ট্রিফিউজের জন্য বৈদ্যুতিক সার্কিটসহ প্রয়োজনীয় অন্যান্য উপাদানের সুবিধা আছে কোম শহরে। তবে এসব উপাদান জড়ো করা হলেও তা এখনো লাগানো হয়নি। এমনকি কবে লাগানো হবে, তা-ও নিশ্চিত নয়।শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ইরানের পরমাণু কর্মসূচির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ইরানের ওপর আরও কঠিন অবরোধ আরোপের আহ্বান জানিয়ে বলেন, একমাত্র কঠোর পদক্ষেপই পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে বাধ্য করতে পারে। তবে এখনই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়টি ভাবছে না ইসরায়েল।এদিকে, ১৯৭৯ সালের পর ভূমধ্যসাগরে দ্বিতীয়বারের মতো ইরানের যুদ্ধজাহাজ ঢোকার ব্যাপারে দেশটির নৌবাহিনী প্রধান হাবিবুল্লাহ সায়ারি বলেন, ‘এটি একই সঙ্গে শক্তির মহড়া এবং শান্তির বার্তা।’ বিবিসি।