ইরান-রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিমান হামলা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করার পর ইরান ও রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সিরিয়া সরকারকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করার ব্যাপারে ইরান ও রাশিয়াকে সতর্ক করলেন তিনি। সিরিয়া নিয়ে বাড়াবাড়ি না করতে দেশ দুটিকে সাবধান করেছেন তিনি।পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আগে সর্বশেষ গণমাধ্যম সাক্ষাৎকারে হিলারি এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরান সিরিয়া সরকারের জন্য সামরিক ও অর্থনৈতিক সহায়তা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে রাশিয়াও সিরিয়া সরকারকে অর্থ ও সামরিক সরঞ্জাম-সহায়তা দিচ্ছে, এমন লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখা হলো ইরানের সবচেয়ে অগ্রগণ্য কাজগুলোর একটি।মস্কোর প্রতিও একই অভিযোগ করে হিলারি বলেন, ‘আসাদ বাহিনীকে সহযোগিতা করতে রাশিয়া আর্থিক ও সামরিক সাহায্য পাঠাচ্ছে। আর এই তথ্য বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে।’ তিনি বলেন, সিরিয়ার প্রতি ইরানের জোরালো সমর্থন লক্ষ করছে ওয়াশিংটন। সিরিয়ায় অস্ত্রসহ গোপনে সেনা পাঠাচ্ছে ইরান। শুধু আসাদকে সহায়তা করতেই নয়, বরং সামরিক নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দিয়ে সহায়তা করার জন্যও ইরান কর্মকর্তাদের পাঠাচ্ছে।সিরিয়াকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি ইরান ও রাশিয়াকে ভেবে দেখার আহ্বান জানিয়ে হিলারি সতর্ক করে বলেন, এই সহযোগিতা চলতে থাকলে সিরিয়ার সংঘাত আরও ছড়িয়ে পড়ে মারাত্মক পরিণতি বয়ে আনবে। এই পরিস্থিতিতে সিরিয়ার সংঘাত দেশটির সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া খুবই সম্ভব বলে মন্তব্য করেন তিনি।গত বুধবার দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক গবেষণাকেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দেয় ইরান ও রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এ ধরনের হামলা নিন্দনীয়। এই হামলা অগ্রহণযোগ্য। অন্যদিকে ইরানও এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ঘটনা তেল আবিবের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। তবে ওই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেননি হিলারি।বাইডেনের হুঁশিয়ারি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের সুযোগ অসীম নয়। তিনি বলেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, তা প্রমাণের দায় তেহরানেরই।জার্মানির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা একটা বিষয় পরিষ্কার করেছেন যে সংযম বিকল্প হতে পারে না। আমরা যে করেই হোক ইরানের পরমাণু অস্ত্র তৈরি রোধ করব।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, কূটনৈতিক সমাধানের জন্য সময় ও সুযোগের প্রয়োজন আছে। কিন্তু এই সুযোগ অনির্দিষ্টকালব্যাপী চলতে পারে না।’মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরানকে একটা বিষয় মানতেই হবে—পরমাণু কর্মসূচি বন্ধে তাদের ওপর আরও নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ বাড়বে। বিবিসি ও এএফপি।