ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বলেছেন, আগামী বছরের প্রথম নাগাদ ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। গত রোববার ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ কমন্স সভায় তিনি এ কথা বলেন।ইরান ২০১৫ সালের আগে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না বলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান মিয়ার ডেগানের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় ফক্সের কাছে। জবাবে তিনি বলেন, ডেগানের মূল্যায়ন অতিমাত্রায় আশাবাদী। এর পরিবর্তে এটা ধরেই পশ্চিমাদের পদক্ষেপ নেওয়া উচিত যে ইরান পরমাণু অস্ত্র তৈরির অতি কাছাকাছি পৌঁছে গেছে।ফক্স বলেন, ‘অতীত অভিজ্ঞতা বিশেষ করে উত্তর কোরিয়ার কাছ থেকে আমরা বুঝেছি এভাবে চিন্তা করলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধরা খেতে হবে। কাজেই ২০১২ সাল নাগাদ ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে, সেটা ধরে নিয়েই আমাদের করণীয় ঠিক করতে হবে।’এ ছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান লিওন পানেতা গত বছর ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়ে যে মূল্যায়ন করেছেন, সেটাই অনেকটা গ্রহণযোগ্য বলে মনে করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।কোনো অগ্রগতি ছাড়াই গত মাসে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর আলোচনা শেষ হওয়ার পর এ মন্তব্য করলেন ফক্স। ইস্তাম্বুলের আলোচনায় ব্যর্থতার পর পশ্চিমা কূটনীতিকেরা আবারও সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখেও ইরান দ্রুতগতিতে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পশ্চিমাদের অভিযোগ ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষেই তারা এ কাজ করছে। কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরানের এই যুক্তি পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না।গত মাসে উইকিলিকসে ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখা গেছে, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বের অনেক দেশই চায় যে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হোক।ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফক্স বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি-সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়েছে বলে মনে করেন ব্রিটেন। তিনি বলেন, ‘ইরানের কাছে এই মুহূর্তে পরমাণু অস্ত্র নেই, এটা ঠিক আছে। কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সামরিক উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনাই বেশি।’ টেলিগ্রাফ, ডেইলি মেইল।