ইরান ‘বর্বরোচিত’ অবরোধ কাটিয়ে উঠবে: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পারমাণবিক কর্মসূচি ইস্যুতে পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর যে ‘বর্বরোচিত’ অবরোধ আরোপ করেছে, ইরান সে সংকট কাটিয়ে উঠবে। গতকাল বুধবার উত্তর খোরাসান প্রদেশ পরিদর্শনের সময় এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। তাঁর বক্তৃতা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।খামেনি বলেন, ‘এসব অবরোধ বর্বরোচিত। এটা একটা জাতির বিরুদ্ধে যুদ্ধ। তবে ইরানিরা পশ্চিমাদের ঠিকই পরাজিত করবে।’ একই সঙ্গে পশ্চিমারা ‘মিথ্যাচার করছে’ অভিযোগ তুলে খামেনি এসব অবরোধ প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এটা করা হলে তেহরানের পারমাণবিক কর্মসূচি যে বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহার করা হবে, তার নিশ্চয়তা দেবে ইরান। পশ্চিমাদের অভিযোগ, অস্ত্র তৈরির উদ্দেশ্যে তেহরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, পশ্চিমাদের অবরোধ তেহরানের জন্য ‘বিভিন্ন সমস্যার’ সৃষ্টি করেছে এবং এর সঙ্গে কতিপয় কঠোর পদক্ষেপের কারণে সৃষ্ট ‘কিছু অব্যবস্থাপনা’ যোগ হয়েছে। তবে তিনি এর বিস্তারিত কিছু বলেননি। পারমাণবিক কর্মসূচির জন্যই ইরানের ওপর অবরোধ আরোপ করা হয়েছে—এই ধারণা উড়িয়ে দিয়ে খামেনি বলেন, ‘শত্রুরা (যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের সরকার) আজকাল অবরোধকে তেহরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংগতিপূর্ণ হিসেবে দেখাতে চাইছে।’খামেনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই তেহরানকে অবরোধের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এএফপি।