ইরানকে আলোচনায় আনতে ভারতের সহায়তা চাইল ইইউ
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে মধ্যস্থতার টেবিলে আনতে ভারতের হস্তক্ষেপ কামনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।গতকাল শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে ইইউর নেতারা এ আহ্বান জানান। ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রমপাই সূত্রে এ কথা জানা যায়।ইইউর নেতারা ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে বাণিজ্যিক ও কূটনৈতিক প্রভাব খাটাতে ভারতীয় নেতারাদের প্রতি অনুরোধ করেন।এদিকে, ইইউ ও ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনে সম্মেলনে অনেকটা অগ্রগতি হওয়ার কথাও বলেন তিনি।পর্যবেক্ষকেরা জানান, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক। সৌদি আরবের পর ইরান দক্ষিণ এশীয় দেশ ভারতে দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। বছরে দেশটির অশোধিত তেলের চাহিদার ১২ শতাংশের জোগান দেয় ইরান, যা এক হাজার ২০০ কোটি ৭০ লাখ ডলারের সমপরিমাণ। বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে বাধ্য করতে তেহরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র ও ইইউর নিষেধাজ্ঞা জোরদার করা সত্ত্বেও ভারত সে দেশ থেকে আগের মতো তেল আমদানি করছে।নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক দিনের ওই শীর্ষ সম্মেলনের আগে টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ইসি প্রেসিডেন্ট রমপাই আভাস দেন, ইরানের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ভারত প্রত্যাখ্যান করলেও তা একটি গঠনমূলক কাজে ব্যবহার করা যেতে পারে। এর আগে ভারতের পররাষ্ট্রনীতি-বিষয়ক বিশেষজ্ঞরা পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যোগাযোগ সহজতর করতে নয়াদিল্লি আলোচকের ভূমিকায় আসতে পারে বলে ধারণা দেন।তেহরান থেকে তেল আমদানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থেকে ভারত বলেছে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘ কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তারা তা মানতে বাধ্য। অন্য দেশের নিষেধাজ্ঞা তারা মানতে বাধ্য নয়।শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনায় অংশ নেন ইসির প্রেসিডেন্ট ভ্যান রমপুয়ে ছাড়াও ইইউ কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো। সম্মেলনের আলোচ্যসূচিতে ইরানের পরমাণু কর্মসূচি ছাড়াও দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ইস্যুটি প্রাধান্য পায়। মনমোহন বলেন, খুব শিগগিরই চুক্তিটি সই হবে বলে তিনি আশাবাদী। এএফপি, বিবিসি ও রয়টার্স।