ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে না রাশিয়া
ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করেছে রাশিয়া। দেশটির একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।জাতিসংঘের নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ নিকোলাই মাকারোভ বলেন, ‘ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা তাদের ওপর নিষেধাজ্ঞা আছে।’ মাকারোভ আরও বলেন, ‘রাজনৈতিক নেতারাই ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তা পালন করছি।’তবে ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি কবে নাগাদ চূড়ান্তভাবে বাতিল করা হবে, সে প্রশ্নে সুনির্দিষ্ট কোনো জবাব দেননি মাকারোভ। তিনি বলেন, ‘বিষয়টি আমরা বিবেচনা করব। তবে সবকিছু নির্ভর করছে ইরানের কর্মকাণ্ডের ওপর।’বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে গত জুনে ইরানের ওপর চতুর্থ দফায় নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। ওই নিষেধাজ্ঞায় ইরানকে সামরিক ও আর্থিক সাহায্যের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।চতুর্থ দফার এই নিষেধাজ্ঞায় রাশিয়ার সমর্থন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানানোকে বিশ্বস্ত মিত্র রাশিয়ার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ইরান। এএফপি।