ইরানকে ঠেকানো হবে: ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা ঠেকানো হবে। গত শুক্রবার ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালন এ কথা ঘোষণা করেছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস অ্যাইরেসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আয়ালন বলেন, ‘পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বজুড়ে তার ডালপালা ছড়াবে। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে তেহরান। পরিস্থিতি সে রকম গুরুতর আকার ধারণ করলে ইরান পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতে পারে। এ কারণে বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করব। পারমাণবিক বোমা বানানো থেকে ঠেকাব ইরানকে।’ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাপরিচালক ড্যানিয়েল কারমন বলেন, ‘সারা বিশ্বের জন্যই ইরান একটি হুমকি। অবিলম্বে এই হুমকির জবাব দেওয়া প্রয়োজন।’ বুয়েনস অ্যাইরেসে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে গাড়িবোমা হামলার ২০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আয়ালন ও কারমন। ১৯৯২ সালের ওই হামলায় ২২ জন নিহত ও ২০০ জন আহত হয়েছিল। দুই বছর পর একই শহরে ইহুদিদের একটি দাতব্য প্রতিষ্ঠানের ভবনে বোমা হামলা হয়। এতে সাততলা ওই ভবন বিধ্বস্ত হয়ে ৮৫ জন নিহত ও ৩০০ জন আহত হয়। ইরান ওই দুটি হামলায় সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। এএফপি।