মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় দুই নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হঠাৎ করেই কিছুটা সংকটে পড়লে প্রেসিডেন্ট ওবামা ফোন করেন নেতানিয়াহুকে।ইসরায়েলি কর্মকর্তারা অভিযোগ করেন, নেতানিয়াহু প্রেসিডেন্ট ওবামার সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠক করতে চাইলে ওবামা তাঁকে সময় দিচ্ছেন না। ইসরায়েলে এমন কথাও উঠছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে তাতে বাধা দেওয়ার নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই।ইসরায়েলি কর্মকর্তারা বলেন, চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন নেতানিয়াহু। কিন্তু প্রেসিডেন্টের ব্যস্ততার কথা বলে তখন সময় দেওয়া হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, ‘ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নেতানিয়াহু নিজেই প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। কিন্তু আমরা ইসরায়েলের কাছ থেকে এমন কোনো প্রস্তাব পাইনি। এমন কোনো প্রস্তাব নাকচও করা হয়নি।’ এএফপি, বিবিসি।