ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ মিত্র দেশ ইরানকে যেকোনো পরিস্থিতিতে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। গত মঙ্গলবার তেহরানে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠককালে তিনি এই অঙ্গীকার করেন।একই দিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বেসামরিক খাতে জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ভেনেজুয়েলা পরমাণু কর্মসূচি চালিয়ে গেলে তাঁর আপত্তি নেই। ভেনেজুয়েলার পরমাণু কর্মসূচি নিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হওয়ার কয়েক দিন পর ওবামা এ কথা বলেন।ইরানি প্রেসিডেন্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে আলাপকালে শাভেজ বলেন, যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে ভেনেজুয়েলা। ইরানে শাভেজের এটি নবম সফর। শাভেজ বলেন, ইরানকে সহযোগিতা করার বিষয়টিকে ভেনেজুয়েলা পবিত্র কিছুর মতো গুরুত্ব দিয়ে থাকে। তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদীদের মোকাবিলায় শক্তি বাড়াতে স্বাধীন দেশগুলো আমাদের সঙ্গে যোগ দিতে পারে।’ শাভেজ শুরু থেকে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সে দেশের বিপরীতে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অবস্থান মজবুত করতে ইরানের সঙ্গে বন্ধন জোরালো করার চেষ্টা করছেন শাভেজ।শাভেজের সঙ্গে আলাপকালে আহমাদিনেজাদ ইরানের বিরুদ্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোরালোভাবে লড়ার জন্য ভেনেজুয়েলার ভূমিকার প্রশংসা করেন।মঙ্গলবার হোয়াইট হাউসে স্প্যানিশ সংবাদমাধ্যমকে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বিরোধ বাড়ানোর ব্যাপারে আমাদের কোনো উৎসাহ বা স্বার্থ নেই। তবে আমরা মনে করি, দায়িত্ব নিয়ে ভেনেজুয়েলার কাজ করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমাদের মনোভাব এই যে শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার ভেনেজুয়েলার রয়েছে।’গত শুক্রবার মস্কোর সঙ্গে একটি চুক্তি করেছে কারাকাস। এই চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলায় প্রথম পরমাণু স্থাপনা নির্মাণ ও পরিচালনা করবে রাশিয়া। মস্কো ও কারাকাসের ঘনিষ্ঠ সূত্র জানায়, রাশিয়া থেকে শাভেজ ৪০০ কোটি ডলারের বেশি অর্থের অস্ত্র কিনেছেন। একই সঙ্গে ভেনেজুয়েলার তেলক্ষেত্রে রাশিয়ার প্রবেশাধিকারের সুযোগও তিনি বাড়িয়েছেন। এই সম্পর্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এএফপি।