ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির ওপর একটি স্পষ্ট সীমারেখা (রেড লাইন) বেঁধে দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।ইসরায়েলি নেতার ওই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেকোনো হামলার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে জবাব দিতে প্রস্তুত তেহরান।প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, পরমাণু বোমা তৈরির উপযোগী যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে ইরানকে বিরত রাখার সময় দ্রুত ফুরিয়ে আসছে। দেশটি এক বছরেরও কম সময়ের মধ্যে এই বোমার অধিকারী হতে পারে। আর এ জন্য তিনি ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ কামনা করেন।ভাষণের একপর্যায়ে নেতানিয়াহু একটি লাল মার্কার কলম ও তারযুক্ত বোমার একটি চিত্র দেখিয়ে বলেন, তেহরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একটি সীমারেখা টেনে দিতে হবে।নেতানিয়াহু বলেন, ‘সীমারেখা বেঁধে দিলে তা যুদ্ধ ডেকে আনবে না, বরং যুদ্ধ প্রতিহত করবে।’ বিগত বছরগুলোতে তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপই দেশটির ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি জানিয়ে ইসরায়েলি নেতা বলেন, ‘পারমাণবিক শক্তিধর ইরানের চেয়ে পৃথিবীর জন্য বড় বিপদ আর কিছু নেই।’ভাষণে তেহরানের ওপর একতরফা হামলার কোনো হুমকি না দিলেও এ ব্যাপারে আভাস দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো হামলার ‘বিশ্বাসযোগ্য’ লক্ষ্যস্থল হিসেবে থেকেই যাচ্ছে। কেননা, ওই সময় নাগাদ দেশটি পরমাণু বোমা তৈরি করতে পারে।নেতানিয়াহুর ভাষণের পর জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত এসহাগ আল-হাবিব বলেছেন, ‘ইরান নিজেকে রক্ষায় যথেষ্ট ক্ষমতাবান। আর যেকোনো ধরনের হামলার সর্বশক্তি দিয়ে জবাব দেওয়ার অধিকার তার রয়েছে।’ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী ‘ভিত্তিহীন অভিযোগ’ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র অবশ্য নেতানিয়াহুর আহ্বান অনুযায়ী ইরানের ওপর ওই সীমারেখা বেঁধে দেওয়ার ব্যাপারে সাড়া দেয়নি। নেতানিয়াহুর ভাষণের পর যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকে তাঁরা পরমাণু কর্মসূচি নিয়ে তাঁদের উদ্বেগের জবাবে ইরানকে ‘জরুরি ভিত্তিতে’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিবিসি ও এএফপি।