ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আসন্ন আলোচনা সামনে রেখে দেশটির প্রেসিডেন্টের প্রতি ‘নমনীয়’ ও ‘যৌক্তিক’ হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।গতকাল শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে জিনতাও এ আহ্বান জানান। এ ছাড়া ইরানের প্রেসিডেন্টের প্রতি জাতিসংঘ আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল চীনের সঙ্গে আইএইএর আলোচনা হয়েছে। আইএইএর প্রধান পরিদর্শক হারমেন নেকিয়ার্টস ও উপমহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং ইরানের প্রতিনিধি আলী আসগার সুলতানিয়াহর মধ্যে এই আলোচনা হয়। এ সময় ইরানের পারমাণবিক স্থাপনায় ঢোকার আরও সুযোগ চেয়েছে আইএইএ। এ সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি চায় আইএইএ। বিশেষ করে রাজধানী তেহরানের কাছে পারচিন সামরিক ঘাঁটি পরিদর্শন করতে চাইছে সংস্থাটি। আইএইএর বিশ্বাস, এখানেই ইরান তাদের সন্দেহভাজন বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে। সংস্থাটি বলেছে, নতুন স্যাটেলাইট চিত্র দেখে এই ঘাঁটিতে ‘ব্যাপক তৎপরতার’ ইঙ্গিত পাওয়া গেছে।ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে ছয় জাতি আলোচনা অনুষ্ঠিত হবে। এই দেশ ছয়টি হলো: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইসরায়েলসহ পশ্চিমাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচির নামে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান বরাবরই এ দাবি নাকচ করে দিয়ে বলে আসছে, বেসামরিক উদ্দেশ্যে তাঁরা আণবিক শক্তি সমৃদ্ধ করছে।সিনহুয়া জানায়, চীন আশা করছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় জাতি আলোচনা গুরুত্বের সঙ্গে নেবে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে ‘নমনীয় ও যৌক্তিক পদক্ষেপ’ নেবে।ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে চীন ও রাশিয়া চলতি সপ্তাহে এক যৌথ বিবৃতি দিয়েছে। এরপরই আহমাদিনেজাদ ও জিনতাওয়ের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। এএফপি।