ইরানি পণবন্দীদের মুক্তি দিয়েছে সিরীয় বিদ্রোহীরা
সিরিয়ায় পণবন্দী হওয়া ৪৮ জন ইরানিকে মুক্তি দিয়েছে দেশটির বিদ্রোহীরা। গত আগস্ট মাস থেকে তাঁরা পণবন্দী ছিলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।এদিকে তুরস্কের একটি দাতব্য সংস্থা জানিয়েছে, সিরীয় সরকারের হাতে বন্দী দুই হাজার ১৩০ জন বিদ্রোহীর মুক্তির বিনিময়ে এসব ইরানিকে ছেড়ে দেওয়া হয়েছে।বিদ্রোহীরা দাবি করেছে, সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষে এক মিশনে নিয়োজিত ছিলেন পণবন্দী এই ইরানিরা। তবে ইরান বলেছে, এই ব্যক্তিরা দামেস্কের দক্ষিণ-পূর্বে এক শিয়া মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।ইরানিয়ান পিলগ্রিমেজ অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশনের কর্মকর্তারা জানান, মাজার জিয়ারতে যাওয়া এই ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।ইরানের নাগরিকদের আটক করার পর সিরীয় বিদ্রোহীদের জোট ফ্রি সিরিয়ান আর্মির আল-বারা ব্রিগেড দাবি করে, তাদের কাছে থাকা তথ্য-প্রমাণে দেখা গেছে, এঁরা ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রেসিডেন্ট বাশার সরকারের পক্ষে কাজ করতে আসেন। গতকাল বুধবার জোটের মুখপাত্র আহমেদ আল-খাতিব বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরানি পণবন্দীদের ছেড়ে দেওয়া হয়েছে।সিরিয়া সরকার অবশ্য এই মুক্তির বিষয়টি এখনো নিশ্চিত করেনি। তা ছাড়া, পণবন্দীদের মুক্তির ব্যাপারে কোনো চুক্তি হয়েছে কি না, তা নিয়েও কিছু জানায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিবিসি।