ইরানিদের কাছে হাস্যাস্পদ নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানিদের জিনস পরা বা পশ্চিমা সংগীত শোনার অনুমতি দেওয়া হয় না বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে ব্যাপক ঠাট্টা-বিদ্রূপ শুরু করেছেন ইরানিরা।
বিবিসির ফারসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইরানিরা স্বাধীন হলে তারা জিনস পরত এবং পশ্চিমা সংগীত শুনত।
ইসরায়েলি নেতার এই মন্তব্যের পর ইরানে ও বিদেশে থাকা শত শত ইরানি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা ইরানি যুবকদের জিনস পরা অনেক ছবি ইন্টারনেটে তুলে দেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, জিনস পরিহিত এক যুবক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কানে কানে কথা বলছেন। নেতানিয়াহুকে নিয়ে একটি বানানো ছবিও পোস্ট করা হয়েছে। গত বছর জাতিসংঘে নেতানিয়াহুর দেওয়া ভাষণের ছবি থেকে সেটি বানানো। ওই ভাষণে তিনি ইরানের কথিত পারমাণবিক বোমা তৈরি বিষয়ে সতর্ক করতে সলিতায় আগুন জ্বালানো বিস্ফোরণোন্মুখ একটি বোমার ছবি এঁকে দেখিয়েছিলেন। টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ব্যঙ্গাত্মক ওই ছবিটিতে পারমাণবিক বোমার জায়গায় বসানো হয়েছে জিনস পরা এক নারীর অবয়ব। বিবিসি।