ইরানিদের জন্য যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র একটি অনলাইন দূতাবাস চালু করেছে। গত মঙ্গলবার থেকে ওই ‘ভার্চুয়াল দূতাবাস’ চালু হয়।যুক্তরাষ্ট্র জানায়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় ইরানের সাধারণ নাগরিকদের সঙ্গে যোগাযোগের বাধা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে ইরানের ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছে ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত অক্টোবরে তাঁদের অনলাইন দূতাবাস প্রকল্পের পরিকল্পনা ঘোষণা করলে ইরান ওই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।ভার্চুয়াল দূতাবাসে মার্কিন ভিসার ব্যাপারে ইংরেজি ও ফারসি ভাষায় প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। এ ছাড়া সংযুক্ত এক ভিডিওবার্তায় হিলারি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মার্কিন ও ইরানি নাগরিকেরা নির্ভয়ে যোগাযোগ করতে পারবেন। কূটনৈতিক সম্পর্ক না থাকায় দুই দেশের জনগণ পারস্পরিক আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত ছিল। কিন্তু প্রযুক্তির সুবিধা ব্যবহারের মাধ্যমে সেই বাধা দূর করে দুই দেশের বৃহত্তর সমঝোতার ব্যাপারে অগ্রসর হওয়া যেতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়েনডি শেরমান বলেন, এই ওয়েবসাইটে সাইবার হামলা মোকাবিলার জন্য প্রয়োজনীয় কারিগরি সামর্থ্য রয়েছে। তিনি আরও বলেন, ইরান সরকারের সঙ্গে তীব্র মতবিরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র দেশটির সাধারণ নাগরিকদের সঙ্গে আলোচনায় আগ্রহী। অনলাইন দূতাবাসের মাধ্যমে ইরানিরা মার্কিন ভিসার জন্য আবেদনপ্রক্রিয়া শুরু করতে পারবেন। তবে ভিসা পাওয়ার জন্য তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রভৃতি দেশে যেতে হবে তাঁদের। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের জের ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ওই বিপ্লবের সময় পশ্চিমাপন্থী শাহ সরকারকে উৎখাত করা হয় এবং পরে তেহরানে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে যায়। এএফপি।