ইরানিদের পাশে তুর্কিরা
প্রতিবেশী দেশ তুরস্কের পণ্যে সয়লাব এখন ইরানের বাজার। এসব পণ্যের বেশির ভাগই ইরানে ঢুকছে অবৈধভাবে, চোরাই পথে। কিন্তু ইচ্ছা থাকলেও ইরান এ ব্যাপারে কঠোর হতে পারছে না। অন্যভাবে বলতে গেলে, এ ক্ষেত্রে ইরানের কঠোর হওয়ার ইচ্ছাও নেই। নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ইরানিদের দৈনন্দিন জীবনের অনেক চাহিদা এখন সংকটের মুখে। এসব চাহিদা মেটাতে তুর্কিদের অবাধে বাণিজ্য করার সুযোগ দিচ্ছে তারা। পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালাতে গিয়ে কঠিন সব বাধার মুখে পড়ছে ইরান। আটকে গেছে একাধিক নিষেধাজ্ঞার বেড়াজালে। জাতিসংঘের নিষেধাজ্ঞা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা। ইরান যাতে কোথাও বাণিজ্যসুবিধা না পায়, বহির্বিশ্বের প্রয়োজনীয় সহায়তা না পেয়ে জীবনযাপনের ক্ষেত্রে ইরানিরা যাতে পদে পদে হোঁচট খায়, এ জন্য এসব নিষেধাজ্ঞার খাঁড়া তুলে ধরা হয়েছে। লক্ষ্য একটাই—একপর্যায়ে বাধ্য হয়ে ইরান পরমাণু কর্মসূচি ত্যাগ করবে। কিন্তু এখন পর্যন্ত ইরানের মধ্যে সে ধরনের কোনো নমনীয়তা দেখা যায়নি। বরং এই কর্মসূচি আরও জোরদার করার ব্যাপারে তারা আভাস দিয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, বর্তমান বিশ্বে পারস্পরিক সহযোগিতা ছাড়া একটি দেশের পক্ষে শক্ত পায়ে টিকে থাকা খুব কঠিন। তা সে দেশ অর্থনৈতিকভাবে যত সমৃদ্ধিশালীই হোক না কেন। চলতে-ফিরতে অন্য দেশের সহযোগিতা তার লাগবেই। সে ক্ষেত্রে ইরান এখন কোণঠাসা। এই পরিস্থিতিতে তুরস্ক তাদের জন্য আশার আলো হিসেবে দেখা দিয়েছে।তুর্কিরাই যে কেবল ইরানে আসছে তা নয়, অনেক ইরানিও তুরস্কে গিয়ে কেনাকাটা সারছে, কেউ কেউ ব্যবসাও করছে।একটি সূত্র জানায়, গত বছর ইরান ও তুরস্কের মধ্যে এক হাজার কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। ২০১১ সালে তা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। ইরানকে সহায়তা করার ব্যাপারে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের ভূমিকাও ইতিবাচক। বিবিসি।