ইরানে আটক মার্কিন পরিব্রাজকের মুক্তি
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক মার্কিন পরিব্রাজক সারাহ শোর্ডকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এক বছরের বেশি সময় ইরানে আটক ছিলেন। গতকাল মঙ্গলবার তেহরানের বিচার বিভাগ তাদের একটি ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।ওয়েবসাইটে বলা হয়, কারাগার থেকে মুক্তির পর সারাহ শোর্ডকে তেহরানের সুইস দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত শনিবার প্রায় পাঁচ লাখ ডলারের জামানতের বিনিময়ে শোর্ডের জামিন মঞ্জুর করা হয়।তবে তেহরানের সুইস দূতাবাস শোর্ডকে মুক্তি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। কারাবন্দী আরেক নারীর মুক্তি: ইরানে কারাবন্দী এক নারীকে গত রোববার জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া নারীর নাম শিভা নজর আহারি। গত বছর ‘আল্লাহর’ বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দেশটির আরমান পত্রিকা গত সোমবার এ তথ্য জানায়। গত ডিসেম্বরে ইরানের কোম শহর থেকে তাঁকে আটক করা হয়। এএফপি।