ইরানে আততায়ীর গুলিতে উপমন্ত্রী নিহত

ইরানের রাজধানী তেহরানে গত রোববার আততায়ীর গুলিতে শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাফদার রহমত নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, পূর্ব তেহরানে নিজের গাড়িতে ওঠার পর উপমন্ত্রী সাফদারের মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালায় ওই আততায়ী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। কর্নেল আলী রেজা বলেন, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে উপমন্ত্রীকে গুলি করে এক আততায়ী। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, আততায়ী আগে থেকেই উপমন্ত্রী সাফদারের গাড়ির ভেতরে ওত পেতে ছিল। পরে তাঁর মাথা ও বুক লক্ষ্য করে দুটি গুলি করে পালিয়ে যায়। গাড়ির ভেতরে ধস্তাধস্তির কোনো আলামত পাওয়া যায়নি। রয়টার্স।