ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুত চলছে
ইরান গত তিন বছরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজের গতি বাড়িয়েছে। স্টাক্সনেট ভাইরাসের মাধ্যমে অন্তর্ঘাতমূলক সাইবার তৎপরতায়ও দেশটির এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়নি। বিশেষজ্ঞরা বুধবার মার্কিন আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটিকে বিশেষজ্ঞরা জানান, ইরানের নেতারা যদি তাঁদের পদক্ষেপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন, তবে চার মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন এমন ফিসাইল (যে ধরনের পদার্থ পারমাণবিক চুল্লিতে বিদীর্ণ করা যায়) উপকরণ যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তথ্যের ওপর ভিত্তি করে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বাইপার্টিসান পলিসি সেন্টারের গবেষক স্টিফেন র্যাডমেকার বলেন, ‘ইরান চাইলে অত্যন্ত দ্রুততার সঙ্গে যে পারমাণবিক অস্ত্র নির্মাণে সক্ষম, তা পরিষ্কার। এরই মধ্যে দেশটি ৩ দশমিক ৫ শতাংশ সমৃদ্ধ তিন হাজার ৩৪৫ কিলোগ্রাম ইউরেনিয়াম উৎপাদন করেছে। একে আরও সমৃদ্ধ করা হলে অন্তত দুটি পারমাণবিক বোমা তৈরির উপযোগী যথেষ্ট ইউরেনিয়াম তারা পেতে পারে।ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির (আইএসআইএস) প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইট একই কমিটিকে বলেন, পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অন্তত চার মাস সময় লাগতে পারে। এএফপি।