ইরানে গত বছর ৬৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে গত বছর ৬৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর এর বেশির ভাগই দেওয়া হয়েছে মাদকসংক্রান্ত অপরাধের দায়ে। এ ছাড়া ২০ জনকে ইসলাম ধর্মের বিরোধিতা করায় এ শাস্তি দেওয়া হয়। গত সোমবার ইরানবিষয়ক জাতিসংঘের এক তদন্ত কর্মকর্তা এ তথ্য জানান। আহমেদ শাহিদ নামের এ তদন্ত কর্মকর্তা এক প্রতিবেদনে বলেন, ইরানে ব্যাপকভাবে জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এর মধ্যে সংখ্যালঘুদের নির্যাতন, সমকামীদের দমন-পীড়নের মতো বিষয়গুলো রয়েছে।গত বছর নিয়োগ পাওয়া শাহিদ প্রথমবারের মতো ৪৭ সদস্য রাষ্ট্রবিশিষ্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তাঁর এ প্রতিবেদন জমা দেন। তবে ইরান এ প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে।শাহিদ কাউন্সিলকে বলেন, ‘ইরানে উদ্বেগজনকভাবে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। ২০১১ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু বছরের শেষে গিয়ে এ সংখ্যা দাঁড়ায় ৬০০-এর বেশি।’। শাহিদ এসব তথ্য ইরানের ভেতরে ও বাইরের বিভিন্ন সূত্র থেকে পেয়েছেন।প্রতিবেদনে বলা হয়, সমকামিতার অভিযোগে ২০০৩ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা ছিল ১০০, ২০১০ সালে ছিল ৫৫০ আর এখন তা প্রায় ৭০০-তে গিয়ে ঠেকেছে। পিটিআই।