ইরানে জুন্দুল্লাহ নেতা রিগির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সুন্নি বিদ্রোহী গোষ্ঠী জুন্দুল্লাহর প্রধান আবদুল মালেক রিগিকে গতকাল রোববার ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সরকারের বিরুদ্ধে সহিংস বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার দায়ে তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।ইরনা জানায়, তেহরানের রেভ্যুলুশনারি ট্রাইবুনালের রায় অনুযায়ী গতকাল সকালে এভিন কারাগারে আবদুল মালেক রিগিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আদালতের বিবৃতিকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি জানায়, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর এই নেতা অস্ত্র, ডাকাতি, গণহত্যার প্রচেষ্টা, হত্যা এবং পুলিশ, সেনাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলার জন্য দায়ী।রিগিকে গত ফেব্রুয়ারিতে দুবাই থেকে কিরগিজস্তানে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবাদের দায়ে রিগির ভাই আবদুল হামিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের এক মাসেরও কম সময়ের ব্যবধানে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি অধিবাসীদের বসবাস। জুন্দুল্লাহ বলেছে, সুন্নি বেলুচদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা তেহরানের শিয়া শাসনের বিরুদ্ধে লড়াই করছে।ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সিস্তান-বেলুচিস্তানের প্রাদেশিক প্রতিনিধি নাজির আহমেদ সালামি রিগির ফাঁসি কার্যকরে আনন্দ প্রকাশ করে বলেছেন, রিগিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করায় তিনি খুবই খুশি হয়েছেন। তিনি বলেন, কৃতকর্মের ফলই পেয়েছেন রিগি। অন্য অপরাধীদের এ ঘটনা থেকে এই শিক্ষা নেওয়া উচিত যে, দেশে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করলে তাদেরও ওই অপরাধীর মতো শাস্তি পেতে হবে।আদালতের বরাত দিয়ে ইরনা বলেছে, রিগির নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহী গোষ্ঠীটির হাতে ২০০৩ সাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ১৫৪ জন সাধারণ মানুষ নিহত এবং আরও অন্তত ৩২০ জন আহত হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গেও সংগঠনটি জড়িত। এএফপি।