ইরানে দুই অভিনেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নিয়ে নির্মিত এক বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য ইরানে গ্রেপ্তার হয়েছেন দুই অভিনেতা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি ‘কুরুচিপূর্ণ’—এই অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া ইরান জাতীয় দলকে নিয়ে উদ্দীপনাময়ী ওই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান আজাম-ব্যান্ড। মূলত জাতীয় দলকে উজ্জীবিত করার লক্ষ্যে নির্মিত ওই বিজ্ঞাপনচিত্রে ব্যবহূত নাচ-গানের দৃশ্যকেই ‘কুরুচিপূর্ণ’ হিসেবে অভিহিত করেছে ইরান কর্তৃপক্ষ। বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপনচিত্রটি বেশ কিছুদিন ধরেই প্রচারিত হয়ে আসছে।

ইরানের পূর্বাঞ্চলীয় শহর শেহরুদের পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওই দুই অভিনেতার নামের আদ্যাক্ষর এস এম ও এম এল। ওই বিজ্ঞাপনচিত্রে শেহরুদ শহরের বিভিন্ন ফুটেজও স্থান পেয়েছে।

এ ব্যাপারে  কর্নেল রহমতউল্লাহ তাহেরি নামের এক নিরাপত্তা কর্মকর্তা ইরনাকে বলেন, ‘স্যাটেলাইট টেলিভিশনে বিজ্ঞাপনচিত্রটি বেআইনিভাবে প্রচারিত হচ্ছে।’

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।