ইরানে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের জন্য জায়গা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের জন্য জায়গা অনুমোদন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। গতকাল সোমবার প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহযোগী এ কথা বলেন। স্পর্শকাতর পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য তেহরানের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আহমাদিনেজাদ নতুন এই পদক্ষেপ নিলেন।প্রেসিডেন্ট আহমাদিনেজাদের জ্যেষ্ঠ উপদেষ্টা মোজতবা সামারেহ হাশেমি বার্তা সংস্থা আইএলএনএকে জানান, নতুন পরমাণু স্থাপনা তৈরির জন্য জায়গা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তাঁর নির্দেশে নির্ধারিত সবগুলো জায়গায় নির্মাণকাজ শুরু হবে।’মোজতবা সামারেহ হাশেমি আরও বলেন, নতুন কেন্দ্রগুলোর নকশা বর্তমানে খুঁটিয়ে দেখা হচ্ছে। তবে কয়টি জায়গা অনুমোদন করা হয়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।কোম শহরের কাছে দ্বিতীয় পরমাণুকেন্দ্র নির্মাণের জন্য জতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা তেহরানকে তিরস্কার করার পর ২০০৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নতুন ১০টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও নাতাঞ্জের পরমাণুকেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে তেহরান।চলতি মাসে ইরানের পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, নতুন দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রেসিডেন্ট আহমাদিনেজাদের কাছে উত্থাপন করা হয়েছে। ইরানি বর্ষের প্রথমার্ধের মধ্যে ওই দুটি কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে।পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় ইরান ইতিমধ্যে জাতিসংঘের তিন দফা নিষেধাজ্ঞার কবলে পড়েছে। চতুর্থ দফা নিষেধাজ্ঞার কবলে পড়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সেই চেষ্টা চালিয়েযাচ্ছে এএফপি।