ইরানে পরমাণু কেন্দ্রে 'নাশকতার চেষ্টা', গ্রেপ্তার ৪
ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী এ কথা জানিয়েছেন।
সালেহী অভিযোগ করেন, আটক ব্যক্তিরা একটি পারমাণবিক কেন্দ্রে নাশকতার পরিকল্পনা করছিলেন। তবে পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তারা তাঁদের গতিবিধির ওপর নজর রাখছিলেন। নাশকতা ঘটানোর আগেই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
সালেহীর উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ সংস্থা মেহর গতকাল রোববার জানায়, চারজনকে হাতেনাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইরানের কোন পারমাণবিক কেন্দ্রে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল বা কবে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাননি তিনি।
মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ বলে মনে করা হয় ইসরায়েলকে। দেশটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি সামরিক হুমকি হিসেবে দেখে থাকে। ইরান তার কর্মসূচি বন্ধ না করলে হামলা চালিয়ে পারমাণবিক কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে ইসরায়েল।
ইরান বরাবরই দাবি করে আসছে, তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ কাজের জন্য। পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা তেহরানের নেই। রয়টার্স।