ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে নারী প্রার্থী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে আগামী ১৪ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কোনো নারী প্রার্থী অংশ নিতে পারবেন না বলে মত দিয়েছে দেশটির পার্লামেন্টের প্রভাবশালী অভিভাবক পরিষদ (গার্ডিয়ান কাউন্সিল)। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।

কাউন্সিলের সদস্য ও ধর্মীয় নেতা মোহাম্মদ ইয়াজদি বলেন, দেশটির সংবিধান প্রেসিডেন্ট নির্বাচনে নারীর অংশগ্রহণের সুযোগ দেয়নি।

প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ৩০ জন নারী নিবন্ধন করেছেন। প্রার্থী হিসেবে তাঁদের অংশ নেওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা একেবারেই কম।

পর্যবেক্ষকেরা বলছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নারীর অংশগ্রহণের সুযোগের বিষয়টি অস্পষ্ট।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহরকে মোহাম্মদ ইয়াজদি বলেন, প্রেসিডেন্ট পদে নারীকে অনুমোদন দেয় না আইন। ব্যালট পেপারে নারীর ছবিও আইন অনুমোদন করে না।

ইরানের পার্লামেন্ট নির্বাচনে নারীর অংশ নেওয়ার ক্ষমতা আছে। বর্তমানে দেশটিতে বেশ কয়েকজন নারী সাংসদ রয়েছেন।

দুই মেয়াদে ক্ষমতায় আসা ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তৃতীয়বারের মতো এই পদের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য এ পর্যন্ত ৬৮৬ জন নিবন্ধন করেছেন। নির্বাচনে প্রার্থী হিসেবে কারা অংশ নিতে পারবেন, এই তালিকা আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে।

২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৪৭৫ জন নাম নিবন্ধন করেছিলেন। গার্ডিয়ান কাউন্সিল মাত্র চারজনকে এই পদে লড়ার অনুমতি দিয়েছিল।