ইরানে বিয়েবিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে গত কয়েক বছরে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে। অন্যদিকে দেশের মোট সাত কোটি লোকের ৬০ শতাংশই ৩০ বছরের কম বয়সী। নিজের পায়ে দাঁড়াতে না পারায় সে দেশে বহু তরুণ-তরুণী বিয়ের পিঁড়িতে বসতে পারছে না। এ কারণে তারা জড়িয়ে পড়ছে বিবাহবহির্ভূত সম্পর্কে। ফলে সে দেশে এক ধরনের সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে।তালাকের হার ও তরুণ-তরুণীদের বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা কমাতে সরকার একটি উদ্যোগ নিয়েছে। ইরানের সরকারি সংস্থা ‘ন্যাশনাল ইয়ুথ অর্গানাইজেশন’ অনলাইনে বিবাহবিষয়ক একটি ডিপ্লোমা কোর্স চালু করেছে। তিন মাস মেয়াদি এ কোর্সের মাধ্যমে ইরানের অবিবাহিত তরুণ-তরুণীরা বিয়ে করার আইন ও শরিয়াসম্মত বিধিবিধান সম্পর্কে জানতে পারবে। সঠিক পাত্র-পাত্রী নির্বাচন, কীভাবে বিয়ের প্রস্তাব দেওয়া উচিত, দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি স্বামীর এবং স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কী হওয়া উচিত ইত্যাদি বিষয়ে ‘আদব-কায়দা’ শেখানো হবে। ইরানের সরকারি আইনজ্ঞ ও ধর্মীয় নেতারা কোর্সটির পাঠ্যসূচি তৈরি করেছেন। পাঠ্যক্রম অনুযায়ী ছাত্রছাত্রীদের সপ্তাহে লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে। তিন মাসের কোর্স শেষ হলে তাদের সরকারি সনদ দেওয়া হবে।প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ব্যক্তিগত সহকারী ও ন্যাশনাল ইয়ুথ অর্গানাইজেশনের প্রধান মেহেরদাদ বাজরপাস বলেছেন, ‘বিবাহবিষয়ক জ্ঞান অর্জনের জন্য একজন লোকের কয়েক শ ঘণ্টার প্রশিক্ষণ প্রয়োজন।’ওই সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট মনোবিজ্ঞানী আহমাদ বোরজালি বলেছেন, ২০০৬ সাল থেকে ইরানে বিবাহবিচ্ছেদের হার বেড়েই চলেছে। ২০০৬ সালের তুলনায় ২০০৯ সালে তালাকের হার ১৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে বিয়ের হার বেড়েছে মাত্র ২ দশমিক ১ শতাংশ। সমাজকর্মীদের দেওয়া তথ্যের উল্লেখ করে তিনি বলেছেন, শুধু রাজধানী তেহরানেই এখন এক বছরের মধ্যে প্রতি চারটি বিয়ের একটিতে ভাঙন ধরে। তিনি বলেন, দাম্পত্যবিষয়ক জ্ঞানের অভাবে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল-বোঝাবুঝি তৈরি হয়। যৌন সম্পর্কের ক্ষেত্রেও বোঝাপড়ার ঘাটতি থেকে যায়। এতে সংসারে ভাঙন ধরে। এ ছাড়া স্বামী-স্ত্রীর অধিকারের সীমা সম্পর্কেও উভয়ের স্পষ্ট ধারণা থাকা উচিত।আহমাদ বোরজালি বলেন, এসব বিষয় মাথায় রেখে পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে। তবে এ নিয়ে যুব সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পশ্চিমা ভাবধারায় বিশ্বাসী তরুণ-তরুণীরা বলছে, আইন ও প্রাতিষ্ঠানিক ধারণা দিয়ে বিয়ের মতো একটি একান্ত ব্যক্তিগত বিষয়কে নিয়ন্ত্রণের চেষ্টা হাস্যকর। এ ছাড়া স্বামী-স্ত্রীর বনিবনা না হলে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।অন্যদিকে ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী তরুণেরা বলেছেন, অবৈধ মেলামেশা ইসলামে হারাম। এ ছাড়া তালাকের বিষয়টিকেও ইসলাম নিরুৎসাহিত করে। সরকার ইরানের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়টি মাথায় রেখেই এ কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তারা এটিকে সমর্থন করে।তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরানের প্রখ্যাত সমাজবিজ্ঞানী শাহলা এজাজি বলেছেন, সরকারের মূল উদ্দেশ্য কী, সেটা পরিষ্কার হওয়া দরকার। তিনি বলেন, ‘এর মাধ্যমে পুরুষশাসিত সমাজব্যবস্থা পাকাপোক্ত করা এবং নারীদের পুরুষদের প্রতি অনুগত থাকার শিক্ষা দেওয়া হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে।’অন্যদিকে নারীবাদী কিছু সংগঠন ইতিমধ্যে আপত্তি জানিয়ে বলেছে, এর মাধ্যমে নারীদের মানসিকভাবে অবদমিত করে রাখার চেষ্টা চালাচ্ছে সরকার। বিবাহ আইন ও রীতি শিক্ষাদানের মাধ্যমে নারীদের স্বাধীন চেতনাকে খর্ব করার চেষ্টা চলছে।তবে তাদের এসব সমালোচনা ও আপত্তি কানে তুলছে না সরকার। কর্মকর্তারা বলেছেন, বিয়ের জন্য এ সনদ অর্জন বাধ্যতামূলক নয়। তবে এ ডিপ্লোমা সনদ অর্জনের জন্য তাঁরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাবেন। এএফপি অবলম্বনে সারফুদ্দিন আহমেদ