ইরানে ভূমিকম্পে নিহত ৮
আফগানিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ খোরাশান প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় গণমাধ্যমের খবরে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খোরাশান প্রদেশের ছোট শহর জোহান থেকে ২৫ কিলোমিটার দূরের একটি স্থান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬। ইরানের সংবাদ সংস্থা ফারস জানায়, গত বুধবার স্থানীয় সময় রাত আটটা ৩৮ মিনিটে (গ্রিনিচ সময় বিকেল পাঁচটা আট মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এতে জোহান শহরের বেশ কিছু বাড়িঘর ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে।খোরাশান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আলী আখুন্দির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মেহের জানায়, ভূমিকম্পে পাঁচটি গ্রাম ধ্বংস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১২ জন। লোকজন এখন খোলা আকাশের নিচে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা দুর্গত এলাকাগুলোতে তৎপরতা শুরু করেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। জোহান শহরের গভর্নর ফরহাদ ফালাহাতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মেহের আরও জানায়, নিহত আটজনের মধ্যে পাঁচজনই সারাজ গ্রামের। এই গ্রামটিসহ দুটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি ও আল-জাজিরা।