ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৭৭
ইরানে গত রোববার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আজারবাইজান-ই-গারবি প্রদেশে বোয়িং ৭২৭ বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১০৫ জন আরোহী ছিল। ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খারাপ আবহাওয়া দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে গতকাল সোমবার এ কথা বলা হয়। কমপক্ষে দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, বিমান দুর্ঘটনায় শুরুতে নিহতের সংখ্যা ৭০ জন হলেও পরে তা ৭৭ জনে পৌঁছায়। পর্যাপ্ত আলোর অভাব ও প্রচণ্ড ঠান্ডার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।পশ্চিম আজারবাইজানের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটের প্রচারিত খবরে বলা হয়, রোববার স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে অরুমিয়ে শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি তিন টুকরো হয়ে পুরু বরফের মধ্যে ঢুকে গেছে। বিমানের ধ্বংসাবশেষের কাছে পড়ে আছে কয়েকটি লাশ।ইরানের অপর এক বার্তা সংস্থা বিমানটির দুজন যাত্রী নিখোঁজ থাকার খবর প্রচার করে। ইরানের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান আহমেদ মজিদি বার্তা সংস্থা ইসনাকে বলেন, বিমানটিতে আরোহী ছিলেন ১০৫ জন। এর মধ্যে যাত্রী ৯৪ ও ১১ জন বিমানকর্মী। তিনি বলেন, সর্বশেষ পাওয়া খবরে ৭৭ জন নিহত, ২৬ জন আহত ও দুজন নিখোঁজের কথা জানা গেছে।আহমেদ মজিদি বলেন, ‘নিখোঁজ ব্যক্তিরা জীবিত না মৃত, তাঁরা বিমানের ধ্বংসাবশেষের ভেতর আছেন না হাসপাতালে, এ ব্যাপারে কিছু জানা যায়নি।’ তিনি বলেন, খারাপ আবহওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ইরানের বিমান মুখপাত্র শাহরুখ নওশাবাদি বলেন, ‘আমরা দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছি।’ ইরানে সর্বশেষ বড় বিমান দুর্ঘটনা ঘটে ২০০৯ সালের জুলাইয়ে। দেশটির উত্তরাঞ্চলে ওই দুর্ঘটনায় মধ্য আকাশে বিমানে আগুন লেগে তা বিধ্বস্ত হয়। এতে ১৬৮ জন নিহত হয়। এএফপি, রয়টার্স, বিবিসি।