ইরানে যাবেন পরমাণু পরিদর্শকেরা
জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি পরমাণু পরিদর্শক দল এ মাসের শেষের দিকে ইরান সফর করবে। ইরান এ বিষয়ে রাজি হয়েছে। গতকাল শুক্রবার কূটনীতিকেরা এ কথা জানান।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল তাঁর দক্ষিণ আমেরিকা সফরের শেষ দিন কিউবার ফিদেল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন।পশ্চিমা কূটনীতিকেরা বলেন, ইরানের সন্দেহজনক পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা প্রশমিত করাই জাতিসংঘের পরিদর্শক দলের এ সফরের মূল লক্ষ্য। ইরান গোপনে পরমাণুু অস্ত্র তৈরি করছে, জাতিসংঘের পরমাণুবিষয়ক সংস্থা আইএইএ এ রকম প্রতিবেদন দেওয়ার প্রায় দুই মাস পর এই সফর হতে যাচ্ছে।একজন পশ্চিমা কূটনীতিক জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান পরিদর্শক হারম্যান নেকার্টস ও সংস্থাটির দ্বিতীয় প্রধান রাফায়েল গ্রসির নেতৃত্বে ওই পরিদর্শক দলটির সফর ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে। একজন কূটনীতিক বলেন, ২৮ জানুয়ারি ওই সফর শুরু হতে পারে। অবশ্য এটি এখনো স্পষ্ট নয়। আইএইএর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরানের কর্মকর্তাদের মন্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল তাঁর দক্ষিণ আমেরিকার চার দেশে সফর সমাপ্ত করেছেন।আহমাদিনেজাদ গতকাল কিউবার ফিদেল কাস্ত্রোর সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। তাঁরা ঘোষণা দিয়েছেন, দুই দেশ সামনের কাতারে থেকে একসঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে।ফিদেল কাস্ত্রোর ছোট ভাই কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এক বিবৃতিতে জানান, আহমাদিনেজাদের সফরের সময় ‘পরমাণু শক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের অধিকার’ রক্ষার ওপর ইরান ও কিউবা উভয় দেশই গুরুত্বারোপ করেছে।আহমাদিনেজাদ পরে কিউবা থেকে ইকুয়েডরে পৌঁছে সে দেশের প্রেসিডেন্ট রাফায়েল কোরার সঙ্গে সাক্ষাৎ করেন। কিউবা ও ইকুয়েডর সফরের আগে তিনি ভেনেজুয়েলা ও নিকারাগুয়ায় সফর করেন। এএফপি, রয়টার্স, বিবিসি ও জি নিউজ।