ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বুশেহের প্রদেশে গতকাল মঙ্গলবার বিকেলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ৮০০ জন। দেশটির রাষ্ট্রীয় আইআরআইএনএন টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল বুশেহেরে ইরানের পারমাণবিক স্থাপনার প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে। আইআরআইএনএনের খবরে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছেই কাকি শহর। ভূমিকম্পে শহরটি ‘প্রায় ধ্বংস’ হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য জরুরি কর্মকর্তারা ব্যাপক তৎপরতা শুরু করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা জোরদার করতে সেখানে হেলিকপ্টার পাঠানোর অনুরোধ জানিয়েছে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।খবরে আরও বলা হয়, ভূমিকম্পে বুশেহেরের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি। সেখানকার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় আবুধাবির বেশ কিছু ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। বিবিসি ও সিএনএন।