ইরানে সংস্কারপন্থী পত্রিকা ইতিমাদ নিষিদ্ধ ঘোষণা
ইরান সরকার দেশটির একটি সংস্কারপন্থী পত্রিকা নিষিদ্ধ করেছে। গণমাধ্যম আইন লঙ্ঘনের দায়ে ইতিমাদ নামের ওই পত্রিকাটির বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।ইরানে যে কয়টি সংস্কারপন্থী পত্রিকা আছে, ইতিমাদ সেগুলোর মধ্যে সবচেয়ে বহুল প্রচারিত। এ ছাড়া সংস্কারপন্থী একটি সাপ্তাহিকের প্রকাশনাও সরকার স্থগিত করেছে। এ সাপ্তাহিক পত্রিকাটির ব্যবস্থাপনা পরিচালক ইরানের বিরোধীদলীয় নেতা মেহদি কাররৌবির ছেলে হোসেইন কাররৌবি। হোসেইন অভিযোগ করেছেন, বাবার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই তাঁর পত্রিকা ইরান সরকারের রোষানলে পড়েছে।গত মাসে মেহদি কাররৌবি একটি মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে বেদম মারধর করে। ইরানের ইসলামি বিপ্লব দিবসের বর্ষপূর্তি উপলক্ষে ১১ ফেব্রুয়ারি ওই মিছিলটি বের করা হয়।ইরানের গণমাধ্যম পর্যবেক্ষক কর্মকর্তা মোহাম্মদ আলী রামিন রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনকে বলেন, পত্রিকাটি নিষিদ্ধ করা ছিল খুবই খারাপ একটি সিদ্ধান্ত। কিন্তু এ ছাড়া করারও কিছু ছিল না। কারণ, পত্রিকাটি বারবার গণমাধ্যম আইন লঙ্ঘন করেছে। এএফপি।